মধুপুরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

মধুপুরে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জনস্বাস্থ্য ও শিক্ষা খাতের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নকাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

 

মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মধুপুর উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ (এক) লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হবে।

 

এর আগে মন্ত্রী মধুপুরের সাবেক যুবদল নেতা মরহুম সোহেল তালুকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।  

 

পরে মন্ত্রী মধুপুর উপজেলার জটাবাড়ী ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদ্রাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং শালিখা ফাজিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা করছে, যাতে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়। তিনি বলেন, উন্নত শিক্ষা পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

 

মন্ত্রী আরো বলেন, মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নকাজ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি